এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

বাংলা টিভি ডেস্ক: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হচ্ছে। এ উপলক্ষে সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত গত ২৭ অক্টোবরের সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইন মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
যেভাবে দেখা যাবে পরীক্ষার ফল
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য https://eduboardresults.gov.bd অথবা https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ অপশনে যেতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন এবং প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।
এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ
অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও এইচএসসি পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্দিষ্ট ফরম্যাটে বার্তা পাঠাতে হবে।
এসএমএস পাঠানোর নিয়ম হলো: প্রথমে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখতে হবে।
উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে লিখতে হবে:
HSC DHA 123456 2026
এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংবাদপত্রের কার্যালয় থেকে পরীক্ষার ফল সংগ্রহের কোনো ব্যবস্থা নেই। ফল জানতে পরীক্ষার্থীদের নির্ধারিত অনলাইন মাধ্যম, এসএমএস অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তা নিতে হবে।
এদিকে, প্রকাশিত ফলাফলে কোনো বিষয়ে আপত্তি থাকলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদন করার নিয়মাবলি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।



