রাজনীতি

গোপালগঞ্জে পথসভা করে নৈতিকতার পরীক্ষা দিন, জামায়াতকে রাশেদ খান

বাংলা টিভি ডেস্ক: জামায়াতে ইসলামীকে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, আওয়ামী লীগের ভয়ে জামায়াত গোপালগঞ্জে পথসভা করবে না—এমন অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দলটির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, গোপালগঞ্জে পথসভা আয়োজনের মাধ্যমে নিজেদের নৈতিক অবস্থানের পরীক্ষা দেওয়া উচিত জামায়াতের।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন রাশেদ খান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান জানান, ঢাকা থেকে শুরু হওয়া জামায়াতের লংমার্চ গোপালগঞ্জ হয়ে খুলনায় প্রবেশ করবে। এরপর যশোর ও ঝিনাইদহ অতিক্রম করে কুষ্টিয়ায় গিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। তবে এই যাত্রাপথে গোপালগঞ্জে কোনো পথসভা না করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এ সময় জামায়াতের বিরুদ্ধে ভারতের সঙ্গে গোপনে যোগাযোগ ও সম্পর্ক তৈরির চেষ্টার অভিযোগও করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার স্বার্থে ভারতকে তোষণ করেছে। বর্তমানে জামায়াতও একই কৌশলে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে তার অভিযোগ। এ উদ্দেশ্যে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করছেন বলেও দাবি করেন তিনি। রাশেদ খানের ভাষ্য, বিষয়টি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। জামায়াত যদি এমন কোনো বৈঠকের কথা অস্বীকার করে, তাহলে তার দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে।

জামায়াত নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রকাশ্যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে বক্তব্য দিলেও গোপনে দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার অভিযোগ রয়েছে। তার মতে, এ ধরনের কর্মকাণ্ডকে আধিপত্যবিরোধী রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলা যায় না।

এ ছাড়া ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, ওই নির্বাচনের মধ্য দিয়ে জামায়াতের রাজনৈতিক প্রচারণা সম্পর্কে মানুষের সচেতনতার বিষয়টি সামনে এসেছে। তার দাবি, দলটির পক্ষ থেকে জান্নাতের টিকিট দেওয়ার মতো বক্তব্যের বিষয়ে ভোটাররা এখন আগের চেয়ে বেশি সচেতন এবং নির্বাচনে তারা দলটির প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button