রাজনীতি

‘জামায়াত থেকে বের হয়ে আসার প্রাথমিক সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’

বাংলা টিভি ডেস্ক: জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট থেকে বেরিয়ে এসে স্বতন্ত্রভাবে রাজনীতি করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার মতে, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ থাকার পরিবর্তে নিজস্ব রাজনৈতিক অবস্থান নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত এনসিপির জন্য ইতিবাচক হতে পারে।

শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। ইত্তেফাকের পাঠকদের জন্য তার বক্তব্য তুলে ধরা হলো।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন জানান, এনসিপির কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, এখনই আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শিগগিরই জামায়াতের জোট থেকে শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসার বিষয়ে দলটির মধ্যে আলোচনা চলছে।

তিনি আরও উল্লেখ করেন, শুক্রবার এনসিপির আয়োজিত গণবিক্ষোভ কর্মসূচি এবং দলটির নেতা আসিফ মাহমুদের বক্তব্য থেকে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থানের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। ওই কর্মসূচিতে ৩১ অক্টোবরের লংমার্চের পক্ষে উল্লেখযোগ্য কোনো বক্তব্য তার চোখে পড়েনি বলেও জানান তিনি।

রাশেদ খাঁনের পর্যবেক্ষণ অনুযায়ী, দীর্ঘ বিরতির পর এনসিপির সাম্প্রতিক গণবিক্ষোভে কয়েক হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে। জামায়াতের সঙ্গে জোট গঠনের পর দলটির বিভিন্ন কর্মসূচিতে তুলনামূলক কম জনসমাগম হলেও এবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তার মতে, এই উপস্থিতি এনসিপির নিজস্ব রাজনৈতিক পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে আশাব্যঞ্জক।

পোস্টে তিনি আরও বলেন, এনসিপি যদি স্বতন্ত্র রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে পারে, তাহলে আগামী এক বছরের মধ্যে দলটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। একই সঙ্গে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতা পূরণেও দলটি ভূমিকা রাখতে সক্ষম হতে পারে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁনের ধারণা, স্বতন্ত্রভাবে রাজনীতি করতে পারলে এনসিপির প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে জামায়াতের ওপর নির্ভরশীল থেকে সেই অবস্থানে পৌঁছানো কঠিন বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির অভ্যন্তরীণ অবস্থান তুলে ধরে তিনি দাবি করেন, দলটির আটজন সংসদ সদস্য আগামী নির্বাচনেও জামায়াতের সমর্থনে নির্বাচিত হওয়ার লক্ষ্য নিয়ে জোটের রাজনীতি অব্যাহত রাখতে আগ্রহী। অন্যদিকে দলের অধিকাংশ নেতাকর্মী স্বতন্ত্র রাজনৈতিক অবস্থানের পক্ষে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার বিষয়ে এনসিপির প্রাথমিক অবস্থান শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে রূপ নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়। একই সঙ্গে দলটির স্বতন্ত্র রাজনৈতিক পথচলার প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button