রাজনীতি

‘কলকাতায় গ্যাস ১ হাজার, বাংলাদেশে কিনতে লাগে ২ হাজার ৫০০ টাকা’

বাংলা টিভি ডেস্ক: ভারতের তুলনায় বাংলাদেশে এলপিজি গ্যাসের দাম অনেক বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। দুই দেশের গ্যাসের দামের পার্থক্য তুলে ধরে তিনি প্রশ্ন করেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় কলকাতায় যেখানে এক হাজার টাকায় এলপিজি পাওয়া যাচ্ছে, সেখানে বাংলাদেশে একই গ্যাস কিনতে কেন আড়াই হাজার টাকা ব্যয় করতে হবে? এ প্রশ্নের জবাব জ্বালানিমন্ত্রীকেই দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আখতার হোসেন।

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারের সার্বিক ব্যর্থতার অভিযোগ তুলে চার দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। দাবিগুলোর মধ্যে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের বিষয়টিও রয়েছে।

সমাবেশে বক্তব্যে আখতার হোসেন দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করেন। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার নয় মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি।

তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশে শক্তিশালী মানবাধিকার আইন প্রণয়নের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সরকার এমন একটি দুর্বল আইন করেছে, যার মাধ্যমে ইচ্ছামতো মানবাধিকার লঙ্ঘনের সুযোগ থেকে যাচ্ছে। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

সম্প্রতি বিমানবাহিনীর কর্মকর্তা তাহসিফ সাউরির মর্মান্তিক মৃত্যুর ঘটনাও নিজের বক্তব্যে তুলে ধরেন এনসিপির এই নেতা। এ ঘটনাকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আখতার হোসেনের অভিযোগ, বাজেট ঘোষণার পর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সরকার। পাশাপাশি বিদ্যুৎ ও স্বরাষ্ট্র খাতেও অচলাবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এসব পরিস্থিতির দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগের দাবি জানান এনসিপির সদস্য সচিব। বিশেষ করে জনদুর্ভোগ কমাতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button