জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত ফাইয়াজ

বাংলা টিভি ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসা ফাইয়াজ এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া একটি স্টোরির মাধ্যমে তার জিপিএ-৫ পাওয়ার বিষয়টি সামনে আসে।
জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় আসামি করা হয়েছিল ফাইয়াজকে। ওই বছরের ২৪ জুলাই রাতে রাজধানীর মাতুয়াইল এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের সময় ফাইয়াজের বয়স ছিল মাত্র ১৭ বছর। পরবর্তী সময়ে ২৭ জুলাই তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত প্রথমে রিমান্ড মঞ্জুর করলেও পরদিন জন্মনিবন্ধন সনদ ও এসএসসি পরীক্ষার সনদ উপস্থাপনের মাধ্যমে তার অপ্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি প্রমাণিত হয়।
এরপর শিশু আদালত তার রিমান্ড বাতিল করে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করলেন।



