রাজনীতি

‘রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?’

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর হাতে সংবাদপত্র ছেঁড়ার ঘটনা সাধারণ মানুষের কাছে কী বার্তা পৌঁছে দেয়।

তিনি বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদন কারও পছন্দ না হলে তার প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। প্রতিবেদনে ভুল থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তা খণ্ডন করা, প্রতিবাদলিপি পাঠানো কিংবা প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

তবে রাশেদ খাঁনের ফেসবুক লাইভে এসে দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার ঘটনাকে দায়িত্বশীল রাজনৈতিক আচরণের উদাহরণ হিসেবে দেখছেন না তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সংবাদপত্রের সঙ্গে মতবিরোধ কিংবা সম্পাদকের সঙ্গে বিরোধ থাকতেই পারে। কোনো প্রতিবেদনের বিষয়ে আপত্তিও থাকতে পারে। কিন্তু রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে সংযম, পরিমিতিবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা প্রত্যাশিত।

তার ভাষায়, সংবাদমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, আবার সরকারও সংবাদমাধ্যমের ঊর্ধ্বে নয়। গণমাধ্যমের যেমন সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে, তেমনি সরকারেরও সেই সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে।

তিনি উল্লেখ করেন, সংবাদপত্র ছিঁড়ে ফেলার মধ্যে রাষ্ট্রের শক্তির প্রকাশ ঘটে না। বরং গণমাধ্যমে প্রকাশিত সমালোচনার জবাব তথ্য, যুক্তি ও সত্যের মাধ্যমে দেওয়ার সক্ষমতাই রাষ্ট্রের প্রকৃত শক্তি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন, যেখানে ক্ষমতাসীনদের সমালোচনা অপরাধ হিসেবে বিবেচিত হবে না, সাংবাদিকদের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে না এবং রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেদের আচরণের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করবেন।

সবশেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এমন আচরণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে দায়িত্বশীল অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে ক্ষমতার দম্ভের পরিবর্তে জবাবদিহিকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন এনসিপির এই নেতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button