বাংলাদেশ

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন

বাংলা টিভি ডেস্ক: পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় মহাসড়ক অবরোধের পাশাপাশি কোনাবাড়ী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা বাইপাস থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিক্ষোভের একপর্যায়ে কোনাবাড়ী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেন উত্তেজিত শ্রমিকরা। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, শ্রমিকরা চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকদের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button