বাংলাদেশ

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া, চাকরি গেলো এএসপির

বাংলা টিভি ডেস্ক: পুলিশ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মিজানুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিভাগীয় তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। কাজী মিজানুর রহমান সর্বশেষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও বিভাগীয় মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ জুলাই থেকে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএমপির তেজগাঁও ট্রাফিক জোনে দায়িত্ব পালন করেন কাজী মিজানুর রহমান।

এ সময় ২০২২ সালের এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর পরিচয় হয়। পরবর্তী সময়ে সেই পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয় এবং একপর্যায়ে তাঁরা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে তদন্তে উঠে আসে। এ-সংক্রান্ত একটি মামলার আদালতের পর্যবেক্ষণেও তাঁদের মধ্যে স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় এ ধরনের আচরণ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়।

পরবর্তী সময়ে দীর্ঘ বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে কমিশন ইতিবাচক পরামর্শ দেয়।

সবশেষে গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁর বাধ্যতামূলক অবসরের আদেশসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button