সাড়ে ৩ মাসেও সতেজ মৃত ব্যক্তির কবরে পুঁতে রাখা খেজুরের ডাল; এলাকায় চাঞ্চল্য

ভোলা প্রতিনিধি (ডিজিটাল): মৃত্যুর প্রায় সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও কবরের পাশে পুঁতে রাখা একটি খেজুরের ডাল এখনো রয়েছে সতেজ অবস্থায়। ডালটিতে নতুন পাতার মতো অংশ ছড়িয়ে থাকায় দূর থেকে দেখলে মনে হবে এটি একটি জীবন্ত খেজুরগাছের চারা। ব্যতিক্রমী এ দৃশ্য ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
ঘটনাটি ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের বাথান বাড়ী গ্রামের। কবরের পাশে পুঁতে রাখা খেজুরের ডালটি সতেজ থাকার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ সেটি দেখতে আসছেন।
পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই গ্রামের প্রবীণ ব্যক্তি জালাল উদ্দিন ওরফে জালু চৌকিদার মারা যান। পরে বাড়ির সামনের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফনের সময় তাঁর কবরের মাথা ও পায়ের দিকে দুটি খেজুরের ডাল কেটে দুই ভাগ করে পুঁতে রাখা হয়েছিল। কিছুদিনের মধ্যেই মাথার দিকের ডালটি শুকিয়ে গেলেও পায়ের দিকের ডালটি এখনো সতেজ রয়েছে।
মৃতের ছেলে ফিরোজ চৌকিদার জানান, বাবার কবর জিয়ারত করতে গিয়ে কিছুদিন পর বিষয়টি তাঁর নজরে আসে। তিনি দেখতে পান, মাথার দিকে পুঁতে রাখা ডালটি শুকিয়ে গেলেও পায়ের দিকের ডালটিতে সতেজ ভাব রয়েছে। সময়ের সঙ্গে সেটি আরও জীবন্ত গাছের ডালের মতো দেখাচ্ছে। তাঁর দাবি, ডালটি পুঁতে রাখার পর সেখানে আলাদাভাবে পানি, সার কিংবা অন্য কোনো পরিচর্যা করা হয়নি।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম, আল আমীন ও ইমরুলসহ অনেকে জানান, কেটে রাখা খেজুরের ডাল এত দিন পরও সতেজ থাকতে তাঁরা আগে কখনো দেখেননি। বিষয়টি তাঁদের কাছে বেশ বিস্ময়কর মনে হচ্ছে।
এ ঘটনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বোরহানউদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রিয়াজ মাহমুদ সহিহ বুখারির ১৩৬১ নম্বর হাদিসের কথা উল্লেখ করেন।
তিনি জানান, হাদিসে বর্ণিত আছে, একবার রাসুলুল্লাহ (সা.) দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় জানতে পারেন, কবর দুটির অধিবাসীরা শাস্তি ভোগ করছেন। এরপর তিনি একটি কাঁচা খেজুরের ডাল দুই ভাগ করে দুই কবরে পুঁতে দেন। সাহাবিরা এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ডাল দুটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত তাদের শাস্তি কিছুটা লাঘব হওয়ার আশা করা যায়।
তবে মুফতি রিয়াজ মাহমুদ বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কবরের পাশে খেজুরের ডাল পুঁতে রাখাকে সুন্নত বা মুস্তাহাব আমল হিসেবে প্রচার করা ঠিক নয়। সব সৃষ্টিই মহান আল্লাহর অধীন। প্রকৃতির বিভিন্ন ঘটনাকে আল্লাহর নিদর্শন হিসেবে দেখা যেতে পারে, তবে এ নিয়ে অতিরঞ্জিত কোনো ধারণা তৈরি করা উচিত নয়।
অন্যদিকে, বিষয়টি নিয়ে কৃষিবিজ্ঞানের ব্যাখ্যা জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল জানান, খেজুরগাছের কাটা ডাল মাটিতে পুঁতে রাখলে সাধারণত তা থেকে নতুন গাছ জন্মানো বা দীর্ঘদিন সতেজ থাকা সম্ভব নয়। ঘটনাটি শুনে তিনিও বিস্ময় প্রকাশ করেন। তবে সরেজমিনে ডালটি পরীক্ষা না করে এ বিষয়ে নিশ্চিত কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।
কবরের পাশে পুঁতে রাখা খেজুরের ডালটির দীর্ঘদিন সতেজ থাকার বিষয়টি এখনো স্থানীয়দের কাছে রহস্য হয়ে রয়েছে। এর প্রকৃত কারণ জানতে সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।



