বাংলাদেশ

৫ কোটি টাকা মূল্যের ৬টি সোনার ডিম জব্দ

বাংলা টিভি ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ছয়টি সোনার ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালানো হয়। সন্দেহভাজন এক যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি সোনার ‘ডিম’ উদ্ধার করেন কর্মকর্তারা। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।

অন্যদিকে, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও তিনটি সোনার ‘ডিম’ পাওয়া যায়। এসব স্বর্ণের ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম। দুই অভিযানে সব মিলিয়ে ছয়টি সোনার ‘ডিম’ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বর্ণগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা স্বর্ণের প্রকৃত উৎস, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ভূমিকা এবং সম্ভাব্য চোরাচালান চক্রের আন্তর্জাতিক যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button