বাংলাদেশ

মজুরি বোর্ড গঠনের পর কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার শ্রমিকরা

বাংলা টিভি ডেস্ক: ন্যূনতম মজুরি ও বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তে ইতিবাচক সাড়া দিয়েছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেছেন তাঁরা।

সোমবার (২ নভেম্বর) সকালে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড)-এর বিভিন্ন কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে প্রবেশ করতে দেখা যায়। একই চিত্র ছিল শিল্পাঞ্চলের অন্যান্য কারখানাতেও। অধিকাংশ প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

শ্রমিক সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করে আসছেন তাঁরা। এ অবস্থায় সরকারের মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন শ্রমিক নেতারা। তাঁদের প্রত্যাশা, আগামী দুই মাসের মধ্যে বোর্ডের কার্যক্রম সম্পন্ন করে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেওয়া হবে।

অন্যদিকে সাধারণ শ্রমিকরাও সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাঁদের নাম যেন কোনো ধরনের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা না হয়, সে দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি বাকি দাবিগুলোও দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন শ্রমিকরা।

এদিকে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকেই গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button