বাংলাদেশ

গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ৪ সন্তানের জনক গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে এক গৃহবধূর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি ও ব্ল্যাকমেইল করার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ধর্মীয় শিক্ষককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার নূর আলম শেখ গোপালগঞ্জ সদর উপজেলার তেলগাতী গ্রামের মরহুম ইয়াকুব আলী শেখের ছেলে। তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক। টংগিবাড়ী থানাধীন একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ধরে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে বাসায় গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন।

পুলিশের অভিযোগ, ওই শিশুকে পড়ানোর সুবাদে তার মায়ের সঙ্গে পরিচয় হয় নূর আলমের। একপর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন।

প্রায় এক মাস আগে বিষয়টি প্রকাশ্যে এলে মসজিদ পরিচালনা কমিটি তাঁকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং এলাকা ছেড়ে চলে যেতে বলে। এরপরও ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার পাশাপাশি পুনরায় সম্পর্ক স্থাপনের জন্য চাপ প্রয়োগ করতে থাকেন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ ধারণ করা একটি ব্যক্তিগত ভিডিও ভুক্তভোগীর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠিয়ে দেখা করার জন্য চাপ দেন তিনি। অন্যথায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হলে রোববার ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর থানার অধীন একটি মাদ্রাসা থেকে তাঁকে ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইশতিয়াক আহমেদ রাসেল জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে টংগিবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button