বাংলাদেশ

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব আটক

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দায় স্বীকার করে পোস্ট দেওয়া রাজিব চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে তাঁকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে উত্তরা ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ির প্যারাগন মাঠসংলগ্ন এলাকা থেকে রাজিবকে আটক করা হয়। তাঁর স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার তুলাসার ৪ নম্বর ওয়ার্ড। বর্তমানে তিনি উত্তরার ওই এলাকায় বসবাস করছিলেন।

সোমবার (২ নভেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, মিরপুরে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা নিয়ে রাজিব চন্দ্র দাস ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টের সূত্র ধরে তাঁকে শনাক্ত করে আটক করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় মামলা থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এরই মধ্যে রোববার মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ওই ঘটনার দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দেন রাজিব চন্দ্র দাস। এরপর তাঁকে শনাক্ত করে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংশ্লিষ্ট খবর

Back to top button