বাংলাদেশ

‘সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন’

বাংলা টিভি ডেস্ক: শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে একটি পক্ষ ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়ন এবং সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে সড়কে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। যারা শ্রমিকদের দাবিকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চাইবে কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়াবে, তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকা একটি শক্তির অনুসারীরা বর্তমান পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছেন। গত কয়েক দিনে দেশে অস্থিতিশীলতা তৈরির যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর সঙ্গে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা ছিল না বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে সীমান্তের ওপার থেকে ইঙ্গিত পেয়ে একটি পক্ষ এসব কর্মকাণ্ড চালাচ্ছে।

ডিসেম্বর মাস প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে সরকারের বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং সেগুলো যথারীতি চলবে। কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরতে চাইলে দ্রুত ফিরে আসতে পারেন। তাঁদের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী সুবিচার নিশ্চিত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ডিসেম্বর মাসকে ঘিরে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তাঁরা চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন। তাঁদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী ইতোমধ্যে জানানো হয়েছে।

তিনি দাবি করেন, ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button