বাংলাদেশ

‘পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী’

বাংলা টিভি ডেস্ক: দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত কিছু মালিক ও শ্রমিকের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, একটি পক্ষ সাধারণ শ্রমিকদের ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন এবং শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে পতিত স্বৈরাচারের সমর্থক কিছু পক্ষ সাধারণ শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে সরকার লক্ষ্য করেছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে বিভিন্নভাবে উসকানি দিয়ে শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। শ্রমিকদের দাবিকে ব্যবহার করে ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিক আন্দোলনের আড়ালে ভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টার অভিযোগ তুলে মন্ত্রী বলেন, সীমান্তের ওপারের ইশারায় একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।

বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ক্ষেত্রে পোশাকশিল্পের মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিতে মালিকদের অনুরোধ করা হয়েছে। যেসব কারখানা এখনো বন্ধ থাকবে, সেগুলোর তালিকাও সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে।

এদিকে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে সোমবার বিকেল ৩টায় শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button