বাংলাদেশ

৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এ বছর কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩০০ শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই অকৃতকার্য হয়েছেন। পাসের হার দাঁড়িয়েছে মাত্র ১৭ দশমিক ৬৭ শতাংশে। এমন ফলাফলের প্রতিবাদে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে উপজেলা ছাত্রদল।

সোমবার (২ নভেম্বর) সকালে কলেজের অফিস কক্ষে গিয়ে অধ্যক্ষ নাজমা বেগমসহ অন্যান্য শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী বলেন, কলেজের এমন ফলাফল কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। ফল বিপর্যয়ের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না। এর প্রতিবাদ জানাতেই উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অধ্যক্ষ ও শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ফুলের মাধ্যমেই তাঁরা প্রতিবাদের বার্তা দিয়েছেন। একই সঙ্গে কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে ছাত্রদল প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button