আন্তর্জাতিক

মালদ্বীপে অনথিভুক্ত বাংলাদেশিদের নিয়মিতকরণে নতুন উদ্যোগ

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে বসবাসরত অনথিভুক্ত প্রবাসী বাংলাদেশিদের বৈধতা, কর্মসংস্থান ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দুই দেশের মধ্যে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বুধবার (৪ নবেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রম ও প্রযুক্তিমন্ত্রী আলী ইহুসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

বৈঠকে বায়োমেট্রিক নিবন্ধন, অনথিভুক্ত কর্মীদের নিয়মিতকরণ, কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা, বেতন-ভাতা ও রেমিট্যান্স সুবিধাসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী জানান, মালদ্বীপে কর্মরত বিদেশি নাগরিকদের প্রায় ৯৮ শতাংশের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। এ অগ্রগতির জন্য হাইকমিশনার তাঁকে অভিনন্দন জানান। তিনি বলেন, বায়োমেট্রিক নিবন্ধন প্রবাসীদের বৈধতা নিশ্চিত ও সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আরো জানান, আনুষ্ঠানিক নিয়মিতকরণ কর্মসূচির সময়সীমা শেষ হলেও কোনো প্রতিষ্ঠানে কর্মরত এমন বিদেশি কর্মী, যাঁদের অভিবাসন বা কর্মসংস্থানসংক্রান্ত নথিপত্র অসম্পূর্ণ, তাঁদের ক্ষেত্রে নিয়োগকর্তার মাধ্যমে নিয়মিতকরণের সুযোগ থাকতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ, লেবার রিলেশনস অথরিটি অথবা সিটি কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করা যাবে।

প্রবাসীদের আর্থিক নিরাপত্তা ও দেশে অর্থ পাঠানোর সুবিধা নিয়েও আলোচনা হয়। হাইকমিশনার বৈধ ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও সাশ্রয়ী রেমিট্যান্স পাঠানোর সুযোগ সম্প্রসারণ, ব্যাংক হিসাব খোলা এবং নিয়োগচুক্তি অনুযায়ী বেতন-ভাতা প্রদানের বিষয়ে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা, কর্মীদের কর্মপরিবেশ ও স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং কর্মসংস্থানসংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।

প্রবাসী বাংলাদেশিদের সমস্যা দ্রুত সমাধানে বাংলাদেশ হাইকমিশন ও মালদ্বীপের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠা এবং দ্বীপভিত্তিক তথ্য বিনিময়ের উদ্যোগ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হন। পাশাপাশি প্রবাসীদের জন্য যৌথ সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে মালদ্বীপ সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে প্রবাসীদের বৈধতা, কর্মসংস্থান ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা আরও সহজ হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button