বাংলাদেশ

‘জানুয়ারি মাসে যাতে শ্রমিকরা নতুন মজুরি পান সে লক্ষ্যে কাজ করছি’

বাংলা টিভি ডেস্ক: তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে সম্মত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন শ্রমিকরা। ডিসেম্বরের বেতনের সঙ্গে জানুয়ারিতে বাড়তি মজুরি পরিশোধের লক্ষ্য নিয়েই কাজ করবে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড।

বুধবার (৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন।

তিনি বলেন, বোর্ডের চেয়ারম্যান দ্রুত সময়ের মধ্যে প্রথম সভা আয়োজন করায় তাঁকে ধন্যবাদ জানাই। বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন। আলোচনায় ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।

এবিএম সামছুদ্দিন আরও বলেন, জানুয়ারি মাসের বেতনের সঙ্গে শ্রমিকরা যেন নতুন মজুরির সুবিধা পান, সে বিষয়টি মাথায় রেখেই বোর্ডের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলোর প্রতি মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সমর্থন রয়েছে। বোর্ডে শ্রমিকদের পক্ষ থেকেই তাঁদের দাবিগুলো তুলে ধরা হচ্ছে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার বিষয়ে সবাই একমত হয়েছেন।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ও আনোয়ার হোসাইন।

নতুন মজুরি কাঠামো নির্ধারণের এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী জানুয়ারি থেকেই বাড়তি বেতনের সুবিধা পাওয়ার কথা রয়েছে তৈরি পোশাকশ্রমিকদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button