চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

চাঁদপুর প্রতিনিধি (ডিজিটাল): জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে চাঁদপুরে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভের বেদির নিচের বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের নিচের অংশে পেট্রোল ঢেলে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন জ্বলে উঠলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
আগুনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। তবে এর আগেই স্মৃতিস্তম্ভের নিচের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই স্মৃতিস্তম্ভ এলাকা পরিদর্শন করেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার পাশাপাশি তাদের আটক করতে পুলিশের অভিযান চলছে।



