Uncategorized

দেশের সংকটে প্রবাসীদের অবদান স্মরণ করলেন বিএনপি নেতা

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ফেনী পৌর বিএনপির সদস্যসচিব ও ফেনী জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মালদ্বীপের রাজধানী মালের চিং-চং রেস্তোরাঁয় তাঁকে সংবর্ধনা দেন দেশটিতে বসবাসরত ফেনী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। এ সময় সফররত ফেনী জেলা ছাত্রদলের সদস্য মেজবাহ উদ্দিন মিয়াজী ও দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি মালদ্বীপ শাখার সহসভাপতি শাহ আলম মো. ফারুক ও শাহ আলম, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবনেতা আরিফুল ইসলাম, আবদুল মান্নান, সুমন মিয়াজী, মো. ইসরাফিল, আবু জাহের ও মো. হারুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পরে সংগঠনের পক্ষ থেকে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সভাপতি মো. খলিলুর রহমানসহ নেতারা।

সংবর্ধনার বক্তব্যে মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন না, দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় তাঁদের সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছর নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও অনলাইনে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন প্রবাসীরা। এ কারণে দেশে তাঁদের পরিবারের সদস্যদেরও বিভিন্ন সময় হয়রানির শিকার হতে হয়েছে। প্রবাসীদের এই ত্যাগ, সাহস ও অবদানের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাঁদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সফলতা কামনা করেন মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button