পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

বাংলা টিভি ডেস্ক: বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্যকে মারধরের পাশাপাশি পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা কার্যকর করতে শুক্রবার সকালে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান পুলিশের একটি পিকআপ নিয়ে তাঁর বাড়িতে যান।
পুলিশ সদস্যরা সুমনকে আটক করে গাড়িতে তোলার সময় স্থানীয় একদল ব্যক্তি তাদের বাধা দেন। একপর্যায়ে তারা পুলিশের ওপর চড়াও হয়ে দুই সদস্যকে মারধর করেন। এ সুযোগে গ্রেপ্তার হওয়া সুমনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



