মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটির বিরোধকে কেন্দ্র করে একাব্বর আলী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায় মো. নিরাশা আকন্দ (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শুক্রবার (৬ নভেম্বর) এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। গ্রেপ্তার নিরাশা আকন্দ সুন্দরগঞ্জ উপজেলার কানি চরিতাবাড়ী এলাকার মতিন আকন্দের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, নিহত একাব্বর আলী চরিতাবাড়ী আকবরিয়া জামে মসজিদের মোয়াজ্জেমের পাশাপাশি মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই অভিযুক্তরা তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ জুন বেলা ১১টার দিকে একাব্বর আলী নিজ বাড়িতে একা থাকার সুযোগে আসামিরা তাঁকে অপহরণ করে কানি চরিতাবাড়ী গ্রামের আব্দুল লতিফ আকন্দের বাড়িতে নিয়ে যান। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে তাঁকে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে মৃত ভেবে একটি বাঁশঝাড়ে ফেলে রেখে চলে যান অভিযুক্তরা।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ২ জুলাই সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল এসআরবি-১৩।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে গাইবান্ধা ও রংপুরের যৌথ আভিযানিক দল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আরাজী শেকসেন্দর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিরাশা আকন্দকে তাঁর মামাশ্বশুর মো. জয়নাল আবেদীনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারের পর আসামি নিরাশা আকন্দকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



