জাতীয়

৭ নভেম্বরেই পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ: ভূমিমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: বিদেশি আগ্রাসনবাদের হাত থেকে রক্ষা পেয়ে ৭ নভেম্বরেই বাংলাদেশ প্রকৃত অর্থে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী মহানগরীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ বা আইয়ুব খানের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। অতীতে তিনি অনেক পরীক্ষার মধ্য দিয়ে নিজেকে বাংলার মানুষের ‘নায়ক’ হিসেবে পরিণত করেছেন।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ লাল-সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে তুলে ধরে প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছে। তাই ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কাছে ‘নয়নের মণি’ হিসেবে স্থান করে নিয়েছেন।’

এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ভূমিমন্ত্রীসহ বিএনপির নেতাকর্মীরা। এ সময় মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button