মাদারীপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

মাদারীপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা সরকারি সমন্বিত অফিসের হলরুমে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মর্জিনা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান এবং পুলিশ সুপার মো. ফজলে এলাহী। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে ৭ই নভেম্বরের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



