৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। শোভাযাত্রায় প্রায় ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেন তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ দলের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা।
এর আগে শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নয়াপল্টন থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলা ও উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন।
এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টনসহ আশপাশের এলাকা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও শোভাযাত্রা আয়োজন করেছে বিএনপি। এতে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।



