বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা

বিনোদন ডেস্ক: অভিনয় ও সংগীত—দুই অঙ্গনেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন ছোটপর্দার অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। ২০২৪ সালে ‘লাভ লাইন’ নাটকের মধ্য দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। এরপর ২০২৫ সালে জাহিদ প্রীতম পরিচালিত চরকি ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’-তে উষা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। একই পরিচালকের ‘এক গুচ্ছ কদম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। পাশাপাশি ২০২৬ সালের চলচ্চিত্র ‘ডোম’-এর সাউন্ডট্র্যাকে প্লেব্যাক গায়িকা হিসেবেও যুক্ত হয়েছেন পূর্ণী।
অভিনয়ের পাশাপাশি মডেলিং ও সংগীতেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। নিজের নানা মুহূর্ত ও ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিয়মিত। এবার বিয়ের সাজে বরসহ একটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন পূর্ণী।
ছবিটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা কৌতূহল। বিশেষ করে বরের পরিচয় জানতে আগ্রহী হয়ে ওঠেন অনেকে। যদিও ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেই বিষয়টি নিয়ে মজার ছলে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী।
পোস্টে পূর্ণী লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ-লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’
অভিনেত্রীর এমন রসিকতাপূর্ণ ক্যাপশন প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। প্রথমে ছবিটি দেখে কেউ কেউ বিয়ের খবর বলে ধারণা করলেও ক্যাপশন পড়ার পর পরিষ্কার হয়ে যায়, পুরো বিষয়টিই ছিল মজার ছলে করা একটি পোস্ট।
এদিকে ছবিটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি, তা নিয়েও আলোচনা করছেন নেটিজেনরা। তবে বিয়ের সাজে পূর্ণীর এই মজার উপস্থিতি বেশ উপভোগ করছেন তার ভক্তরা। বরের পরিচয় ঘিরে রহস্য তৈরি হলেও আপাতত সেটিকে নিছক আনন্দের বিষয় হিসেবেই দেখছেন অনুসারীরা।



