ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কিংবদন্তি সানাইবাদক ও ভারতরত্ন সম্মাননাপ্রাপ্ত ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ ভেঙে ফেলার ঘটনায় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। উত্তর প্রদেশের বারানসিতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান ও বিরোধী নেতা অখিলেশ যাদব। তবে স্থানীয় পৌর কর্তৃপক্ষের দাবি, সরকারি উদ্যোগে নয়, পরিবারের সদস্যদের সিদ্ধান্তেই বাড়িটির একাংশ ভাঙা হয়েছে।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ‘চরম নিন্দনীয়’ বলে উল্লেখ করেন অখিলেশ যাদব। এ সময় কটাক্ষ করে তিনি লেখেন, ‘যাদের জন্য সানাই বাজেনি, তাদের কাছ থেকে আর কী-ই বা আশা করা যায়!’
অখিলেশের অভিযোগ, বিজেপি ও তাদের সহযোগীরা সব সময় শিল্প ও শিল্পীদের বিরোধিতা করে আসছে। তার মতে, সৃজনশীল মানুষেরাই সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করেন। শিল্প মানুষের মধ্যে সহমর্মিতা ও সহনশীলতা বাড়ায়। কিন্তু বিজেপি এসবকে নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য বাধা হিসেবে দেখে অথবা নিজেদের উদ্দেশ্য পূরণে ব্যবহার করতে চায়।
তিনি আরও বলেন, ভারতরত্নপ্রাপ্ত একজন শিল্পীর ঐতিহ্যের সঙ্গে যুক্ত স্থাপনা নষ্ট হওয়া শুধু ওই ব্যক্তির সম্মান ও মর্যাদার ক্ষতি নয়, বরং ভারতের ভাবমূর্তির জন্যও অসম্মানজনক। ঘৃণার রাজনীতির মাধ্যমে বিজেপি দেশের ক্ষতি করছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ওস্তাদ বিসমিল্লাহ খানের সংগীত ঐতিহ্য সংরক্ষণে একটি ‘শ্রবণ জাদুঘর’ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন অখিলেশ যাদব।
তবে বাড়িটি ভাঙার ঘটনায় ভিন্ন ব্যাখ্যা দিয়েছে বারানসি পৌর করপোরেশন। সংস্থাটির কর্মকর্তাদের দাবি, বাড়িটিতে জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হলেও বিসমিল্লাহ খানের পরিবার তাতে সম্মতি দেয়নি। বরং ভবনটি জরাজীর্ণ হওয়ায় পরিবারের সদস্যরাই সেটি ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেন।
বারানসি পৌর করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ শ্রীবাস্তব জানান, শহরের বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি ও অবদান সংরক্ষণের জন্য একটি বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে যাওয়ার সড়কগুলো তাদের জীবন ও কর্মের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানোর পাশাপাশি বাড়ির একটি কক্ষ জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, এ উদ্যোগের অংশ হিসেবে ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়িতেও জাদুঘর স্থাপনের বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তবে তারা প্রস্তাবে রাজি হননি। ভবনটির জরাজীর্ণ অবস্থার কথা জানিয়ে পরিবার নিজেরাই সেটি ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া



