ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন ইনকিলাব মঞ্চের জাবের

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামে ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শরীফ ওসমান হাদির কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় মঞ্চের সামনে দর্শকসারিতে বসে থাকা এক যুবককেও অঝোরে কাঁদতে দেখা যায়।
রোববার (৮ নভেম্বর) রাতে নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে জাবের ও ওই যুবকের কান্নার দৃশ্যসংবলিত ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওতে থাকা ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন আব্দুল্লাহ আল জাবের। এ সময় তিনি ওসমান হাদির স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি। তার সঙ্গে মাঠে বসে থাকা এক যুবকও কান্নায় ভেঙে পড়েন। তাকে বলতে শোনা যায়, ‘আমার ভাই মরে গেল আল্লাহ! আমাদের জন্যই রেখে দিল না কেন? তারে কেন নিয়ে গেল আল্লাহ?’
বক্তব্যে জাবের বলেন, তিনি বারবার ওসমান হাদিকে উদ্দেশ করে বলছিলেন, ‘দেখেন হাদি ভাই, আপনি তো শুধু জাবেরকে নিয়ে এই লড়াইটা শুরু করেছিলেন। আজকে এখানে হাজার হাজার মানুষ আপনার ইনকিলাবের লড়াইয়ের হাল ধরে বসে আছে।’
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির জন্য তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তার ভাষায়, যে কারণে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, সেই ঘটনার বিচার ও সংশ্লিষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, ‘আমরা কাঁদব, আমরা হাসব, আমরা লড়াই করব; কিন্তু এই রাজপথ, এই জমিন ছাড়ব না।’ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ওসমান হাদির অসমাপ্ত সংগ্রাম এগিয়ে নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। তারা বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন। সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং আঞ্চলিক সংস্কৃতি ও সংগীতের প্রসারে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।



