রাজনীতি

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

বাংলা টিভি ডেস্ক: চব্বিশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এ লক্ষ্যে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন তিনি।

এ খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আইনজীবীর মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠিয়ে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেন শেখ হাসিনা। বার্তা সংস্থাটি জানিয়েছে, তারা ওই চিঠিটি দেখার সুযোগ পেয়েছে।

আওয়ামী লীগের নেতাদের বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পায়নি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ সাজা দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে ভারতে ও বিভিন্ন দেশে অবস্থান করছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button