বাংলাদেশ

পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় প্রকাশ্যে এক বেকারির ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনিয়ে নিয়েছে তিন দুর্বৃত্ত। ব্যস্ত মহাসড়কে বহু মানুষের উপস্থিতিতে ঘটে যাওয়া এ ঘটনার একটি ড্যাশক্যাম ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ছিনতাইয়ের পুরো দৃশ্য ধরা পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গাজীপুরের তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে একটি বেকারির ডেলিভারি ভ্যান নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন চালক। এ সময় হঠাৎ তিন ব্যক্তি এসে তাঁকে ঘিরে ধরে। পরে জোরপূর্বক তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ঘটনার সময় আশপাশে অনেক পথচারী ও একজন নিরাপত্তারক্ষীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে কেউই ভুক্তভোগী চালককে সহায়তায় এগিয়ে আসেননি। একটি ব্যক্তিগত গাড়ির ড্যাশক্যামের মাধ্যমে পুরো ঘটনাটি ধারণ হয়। ফুটেজে ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের চেহারাও স্পষ্ট দেখা গেছে।

আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, ৯ নভেম্বর রাত ১০টার দিকে গাজীপুরের তারগাছ এলাকায় বহু পথচারীর সামনে একটি বেকারির ডেলিভারি ভ্যানচালকের কাছ থেকে তিন দুর্বৃত্ত টাকা ছিনিয়ে নেয়। এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

জনবহুল মহাসড়কে প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ড্যাশক্যামের ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে মহাসড়কে পথচারী, পরিবহনশ্রমিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনায় পুলিশের একটি দল মাঠে কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে। তবে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button