বাংলাদেশ

লক্ষ্মীপুরের সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

বাংলা টিভি ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার নির্ধারিত চেয়ারে বসে টিকটক ভিডিও তৈরি করে বিতর্কের সৃষ্টি করেছেন অভি মাহমুদ নামে এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েন তিনি। পরে নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন ওই যুবক।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সরকারি কার্যালয়ের ভেতরে কর্মকর্তার চেয়ারে বসে টিকটক ভিডিও তৈরির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভিডিওটি নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তার জন্য নির্ধারিত চেয়ারে বসে গানের তালে বিভিন্ন অঙ্গভঙ্গি করছেন এক যুবক। তার সামনে থাকা টেবিলে দাপ্তরিক কাগজপত্র ও কর্মকর্তার নামসংবলিত নেমপ্লেটও দৃশ্যমান ছিল। পরে ভিডিওটি নিজের ফেসবুক ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর অভি মাহমুদ ও তার অভিভাবককে প্রশাসনের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়। সেখানে নিজের কর্মকাণ্ডের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দেন তিনি।

মুচলেকায় অভি মাহমুদ উল্লেখ করেন, কয়েক দিন আগে সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত না থাকার সুযোগে বিনা অনুমতিতে সরকারি দপ্তরে প্রবেশ করেন তিনি। পরে কর্মকর্তার নির্ধারিত চেয়ারে বসে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও মুচলেকায় স্বীকার করেন তিনি। ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবেন না বলে অঙ্গীকার করেন অভি মাহমুদ। এ সময় তার অভিভাবক ও স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, সরকারি কার্যালয়ে অনুমতি ছাড়া এ ধরনের আচরণ ও দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিডিওটি প্রশাসনের নজরে আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্ত যুবক লিখিত মুচলেকা দিয়ে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button