বাংলাদেশ

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাস দুটির আসন, জানালার কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২ এলাকার ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলকলি মোড়ে সড়কের পাশে পার্কিং করা বিকল্প পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) এবং অভিজাত পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪) আগুন দেয় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। আগুন লাগানোর পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন বাস দুটিতে আগুন জ্বলতে দেখে এগিয়ে আসেন। তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও বাস দুটির বেশ কিছু অংশ পুড়ে যায়।

পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, বিকল্প পরিবহনের বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বাস দুটিতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ করছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button