বাংলাদেশ

কুমিল্লায় মা-মেয়েকে হত্যা ও ধর্ষণের ঘটনায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা তাহমিনা বেগমকে হত্যা এবং তাঁর বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার জানান, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় ঝাড়ফুঁক করার কথা বলে তাহমিনা বেগমের বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনা দেখে ফেলায় তাঁর মা তাহমিনা বেগমকেও হত্যা করেন তিনি।

মর্মান্তিক এ ঘটনার পর নিহত তাহমিনা বেগমের ভাই তাজুল ইসলাম কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয় পুলিশ। তদন্তের একপর্যায়ে ঘটনার দুই দিন পর, ৯ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা পুলিশ মোবারক হোসেনকে গ্রেপ্তার করে।

পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন তিনি।

তদন্ত শেষে মোবারক হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২৬ সালের ২০ আগস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এরপর সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ গঠনের মাত্র দুই মাস ১৫ দিনের মধ্যে মামলার রায় ঘোষণা করেন আদালত।

রায়ে একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button