বাংলাদেশ

ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে সেই ‘বুলেট’ গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সারিবদ্ধভাবে সাজানো দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনায় আলোচনায় আসা কিশোর গ্যাং নেতা মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’কে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, গত ৯ নভেম্বর অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ফোনে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার শাওন চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পাহাড়তলী চৌমুহনী বাজারের একটি মার্কেটের আবাসিক এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয়ভাবে তিনি কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত। গণমাধ্যমকর্মী, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের কাছে শীর্ষ সন্ত্রাসীদের পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যক্তিকে হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে চট্টগ্রাম জেলা পুলিশের। পরে ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস ও অপরাধমূলক কর্মকাণ্ড অনুসন্ধানে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তদন্তের একপর্যায়ে শাওনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছেন, ভাইরাল ভিডিওতে দেখানো আগ্নেয়াস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। ২০২৫ সালের ৩০ অক্টোবর বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ ওই কামালকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। পরবর্তী সময়ে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও সংশ্লিষ্ট অস্ত্রভান্ডার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ এবং হুমকিমূলক কথোপকথন অডিও আকারে সংরক্ষণের কথা স্বীকার করেছেন। পরবর্তী সময়ে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া এবং চাঁদা দাবি করতেন বলে জানিয়েছে পুলিশ।

অর্থাৎ, সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি-ভিডিও ও হুমকির অডিও ছড়িয়ে আতঙ্ক তৈরি করে চাঁদাবাজি চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এ ছাড়া শাওনের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দুটি পৃথক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, শাওনের সঙ্গে জড়িত অন্য অপরাধী, আগ্নেয়াস্ত্রের প্রকৃত উৎস এবং চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দৈনিক ইত্তেফাককে জানান, গত মঙ্গলবার শাওনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button