দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, দৌলতপুরে আতঙ্ক

দৌলতপুর,কুষ্টিয়া প্রতিনিধি (ডিজিটাল): কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের বাচ্চু মালিথা (৩০) ও মনি ডাক্তার (৪২)-এর বাড়িতে এসব সামগ্রী দেখতে পান পরিবারের সদস্যরা।
স্থানীয়দের ধারণা, মঙ্গলবার গভীর রাতে কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব জিনিস রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।
বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’
অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
এ বিষয়ে মনি ডাক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। কারা এসব রেখে গেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। তবে ঘটনার পেছনে কোনো কারণ থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে রাজি হননি। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় যাওয়ার কথাও জানান তিনি। এ সময় বাচ্চু মালিথাও তাঁর সঙ্গে ছিলেন।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তিনি বর্তমানে কুষ্টিয়ায় একটি সভায় থাকায় ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।



