জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা টিভি ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর মূল ভেন্যুতে উপস্থিত হন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সম্মেলনস্থলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন ওআইসির মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিশ্বনেতা।
এদিকে সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বলেন, চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে যুক্ত করে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন। তিনি জানান, এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সম্ভাবনাগুলো যাচাই করে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট অংশীদারদের সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ।
অন্যদিকে প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, এবারের কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে নেতৃত্ব দিতে আগ্রহী বাংলাদেশ। পাশাপাশি পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাট ও অন্যান্য পচনশীল পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে সম্মেলনস্থলে বাংলাদেশের পক্ষ থেকে একটি বিশেষ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট বৈঠকে বিষয়টি তুলে ধরার পর ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তুরস্ক সফরের প্রতিটি মুহূর্ত নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী। পূর্বনির্ধারিত আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাতেও অংশ নিচ্ছেন তিনি। এসব আলোচনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের কূটনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।



