আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় ১১ মাস বয়সী এক শিশুকে খাঁচায় বন্দি করে মাটির নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মাটি খুঁড়ে শিশুটিকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটির বাবা ২৫ বছর বয়সী মাইকেল কোমারকে গ্রেফতার করেছে পুলিশ। খবর বিবিসির।

উদ্ধার হওয়া শিশুটির নাম কোয়াহ শার্প। লেক্সিংটন কাউন্টি শেরিফের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আশা করছেন, যথাযথ চিকিৎসায় সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।

লেক্সিংটন কাউন্টির শেরিফ জে কুন এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার শিশুটিকে তার মায়ের বাড়ি থেকে নিয়ে যান বাবা মাইকেল কোমার। সে সময় কোমারের মা শিশুটির দেখাশোনা করছিলেন। অল্প সময়ের জন্য নাতিকে ছেলের কাছে রেখে অন্য কাজে গেলে কোমার শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।

এরপর বিভিন্ন জায়গায় কোমারকে ঘোরাফেরা করতে দেখা গেলেও তার সঙ্গে শিশুটিকে দেখা যায়নি। সোমবার সন্ধ্যায় চুরির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে জিজ্ঞাসাবাদে শিশুটির অবস্থান সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি তিনি।

পরে শিশুটিকে উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এতে প্রায় ১০০ জন পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য অংশ নেন। কোমারের বাড়ির আশপাশের জঙ্গল এলাকায় তল্লাশি চালানোর একপর্যায়ে মাটির একটি অংশ নতুন করে খোঁড়া হয়েছে বলে সন্দেহ হয় তাদের।

সেখানে খনন শুরু করতেই মাটির নিচ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান উদ্ধারকারীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি খাঁচার ভেতর থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।

শেরিফ জে কুন সংবাদ সম্মেলনে বলেন, শিশুটির কান্নার শব্দ শুনে উদ্ধারকারীরা স্বস্তি পান। তিনি এটিকে জীবনে শোনা সবচেয়ে আনন্দের শব্দ বলেও উল্লেখ করেন।

পুলিশের ধারণা, শিশুটিকে প্রায় ২৪ ঘণ্টা মাটির নিচে রাখা হয়েছিল। তাকে আনুমানিক দুই ফুট বাই দুই ফুট আকারের একটি কুকুরের খাঁচায় ঢুকিয়ে মাটিচাপা দেওয়া হয়। খাঁচাটি তোয়ালে দিয়ে মোড়ানো ছিল। উদ্ধারকারীদের ধারণা, তোয়ালেটির কারণে খাঁচার ভেতরে কিছুটা বাতাস চলাচল করতে পেরেছিল, যা শিশুটির বেঁচে থাকার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া ওই সময় আবহাওয়া ঠান্ডা থাকায় শিশুটির শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার আশঙ্কাও তুলনামূলক কম ছিল বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। খাঁচাটির ওপর অন্তত এক ফুট মাটি চাপা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন শেরিফ।

এদিকে, মাটির নিচে শিশুটিকে পুঁতে রাখার ঘটনায় মাইকেল কোমারের বিরুদ্ধে নতুন করে কী কী অভিযোগ আনা হবে, তা নিয়ে কাজ করছে পুলিশ। আদালতের নথি অনুযায়ী, এর আগেও পারিবারিক সহিংসতার একটি ঘটনায় দোষ স্বীকার করেছিলেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button