বাংলাদেশ

৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার

বাংলা টিভি ডেস্ক: পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল জন্মনিয়ন্ত্রণ খাবার বড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব বড়ি সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস। এ জন্য সরকারের ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করা হয়েছিল। প্রস্তাবটি পর্যালোচনা শেষে ক্রয়ের বিষয়ে অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব বড়ি সংগ্রহ করা হবে।

এ লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দরপত্র মূল্যায়ন শেষে সুপারিশকৃত প্রতিষ্ঠান হিসেবে পপুলার ফার্মাসিউটিক্যালসকে নির্বাচন করা হয়। পরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

এই ক্রয়ের মাধ্যমে পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button