শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনে হবে: মীর শাহে আলম

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত মানবতাবিরোধী অপরাধের আইনেই শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও পলাতক ব্যক্তিদের দেশে ফেরার বিষয়ে গুঞ্জন ছড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যমকর্মীদের বিরত থাকা উচিত। মানবতাবিরোধী অপরাধ আইনের ৪৭ (এ) ধারায় অভিযুক্ত ব্যক্তিদের বিশেষ সুবিধা না পাওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। আওয়ামী লীগ সরকার নিজেরাই এ আইন তৈরি করেছিল। এখন সেই আইনের ফাঁদেই তারা পড়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।
স্থানীয় সরকারব্যবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিদ্যমান পাঁচটি স্তরের পাশাপাশি স্বনির্ভর গ্রাম সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০০৩ সালে বেগম খালেদা জিয়া স্বনির্ভর গ্রাম সরকার আইন প্রণয়ন করেন, যা ২০০৯ সালে বাতিল করা হয়। নতুন করে এ ব্যবস্থা চালু হলে গ্রামের ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচটি সম্ভাব্য ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে। প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২১ জানুয়ারি হতে পারে। দ্বিতীয় ধাপের নির্বাচন ৪ অথবা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রমজান, ঈদ ও পাবলিক পরীক্ষা শেষে এপ্রিল ও মে মাসের মধ্যে বাকি ধাপের নির্বাচন সম্পন্ন হতে পারে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
বগুড়া প্রেসক্লাবের ঐক্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের অনেক জেলায় একাধিক প্রেসক্লাব থাকলেও বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতৃত্বে এখানকার প্রেসক্লাব ঐক্যবদ্ধ রয়েছে। এ সময় ‘উত্তরবঙ্গ’ শব্দের পরিবর্তে ‘উত্তর অঞ্চল’ শব্দটি ব্যবহারের অনুরোধ জানান তিনি।
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকদের স্মরণে প্রতিমন্ত্রী তাঁর ঐচ্ছিক তহবিল থেকে জীবিত ও মরণোত্তর সম্মাননাপ্রাপ্তদের ১৩টি পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির চিকিৎসা তহবিল গঠনে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বগুড়ার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্য বিবেচনায় বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন। বিষয়টি বাস্তবায়নে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাসস পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ ও সংগঠনের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৮ জনকে মরণোত্তর এবং ৬ জনকে আজীবন সম্মাননা দেওয়া হয়। মরণোত্তর সম্মাননাপ্রাপ্তরা হলেন- আমানুল্লাহ খান, জাহিদুর রহমান জাদু, খন্দকার আব্দুর রহিম, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লিমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মহন্ত শানু ও ইকবাল মুর্শেদ রিপন। আজীবন সম্মাননাপ্রাপ্তরা হলেন- পশিমুর রহমান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বোগরা, মতিউল ইসলাম সাদী, চপল কান্তি সাহা ও আতিকুর রহমান সুমন।



