নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চর জব্বার ইউনিয়নের হাজী গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭), আদর্শ গ্রাম বেঁড়িবাধ এলাকার আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) ও পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ৩ আরোহী গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আব্দুল করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য শামীমকে নোয়াখালী মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।



