গ্রাম বাংলাদেশবাংলা

জামালপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

জামালপুর প্রতিনিধি: “ডায়াবেটিস: সচেতনতাই সুরক্ষা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালের উদ্যোগে এক বর্ণাঢ্য পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা (র‍্যালি) বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে হাসপাতালটির চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ডায়াবেটিস রোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পদযাত্রা শেষে হাসপাতাল প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সভাপতি এবং জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় আরও বক্তব্য রাখেন হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সঠিক সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button