আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে, জাতি হিসেবে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘এখন শতকরা ১৫-২০ জন যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়াতে প্রতিবছর ৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে। এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। যুবকদের ধবংসের ষড়যন্ত্র। আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারি।’
আসাদুল হাবিব দুলু বলেন, ‘এখন শিক্ষককে অবরুদ্ধ করে রাখে ছাত্ররা, অনেককে নির্যাতনও করা হয়েছে। আমরা নীতিবোধ, মূল্যবোধ, সম্মান, সামাজিকতা ও নৈতিকতায় পিছিয়ে গেছি। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক—এই চারটি সামাজিক অপরাধ লালমনিরহাট থেকে দূর করতে শুরু করা হয়েছে ‘আলোকিত লালমনিরহাট’। এই কর্মসূচি দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন বলে জানিয়েছেন আসাদুল হাবিব দুলু্।
জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ও ওসি মতিউর রহমান।



