রাজনীতি

সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করছে ভারত: এনসিপি

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের মিথ্যা প্রচার চালিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা করছে ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো।

সোমবার (২৩ নভেম্বর) দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার বাংলাদেশকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। পাশাপাশি শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরবেন বলেও মন্তব্য করেন। বাংলাদেশের গণ-অভ্যুত্থানকে বিদেশি শক্তির ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করার পাশাপাশি দেশের নির্বাচিত সরকারকে অবৈধ বলেও দাবি করেন ওই বিধায়ক।

এনসিপির অভিযোগ, ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ছাড়া একজন জনপ্রতিনিধির পক্ষে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দেওয়া সম্ভব নয়। দলটির বিবৃতিতে আরও দাবি করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটিয়ে তা ভারতের কাছে তুলে ধরছে। এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ক্ষেত্র তৈরির চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে এনসিপি আরও উল্লেখ করে, ভারতীয় নেতাদের এ ধরনের উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।

দলটি বলেছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের জনগণ অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে যেকোনো বিদেশি চাপ ও ষড়যন্ত্র মোকাবিলা করবে বলে তারা বিশ্বাস করে।

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রতি কয়েকটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। দলটির মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে ধরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button