ভুল বিচারে ১৮ বছর কারাবাস, চার সপ্তাহের প্যারোলে মুক্তি পাচ্ছেন বাদল ফরাজী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে নামের মিলের কারণে হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বাংলাদেশের বাদল ফরাজী অবশেষে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন। দীর্ঘ প্রায় ১৮ বছরের কারাবাসের পর তাঁর এই সাময়িক মুক্তির উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী রয়েছেন বাদল। গত ১৬ নভেম্বর তাঁকে প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা। কারা কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।
বাদল ফরাজীর প্যারোলের বিষয়ে ভারতের দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছিল। গত ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমিত বনসাল আবেদনের নির্দিষ্ট প্রার্থনা মঞ্জুর করেন। তবে প্যারোল কার্যকরের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান অনুসরণের নির্দেশ দেন আদালত।
এরপর ভারতের আদালতের আদেশের ভিত্তিতে বাংলাদেশে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ চিঠিতে দিল্লি হাইকোর্টের আদেশ, আইন ও বিচার বিভাগের মতামত এবং ২০১৬ সালের প্যারোল নীতিমালার কথা উল্লেখ করা হয়েছে।
নামের ভুলেই জীবনের দীর্ঘ সময় কারাগারে
২০০৮ সালের ৬ মে দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে নিজ বাসায় খুন হন ৭১ বছর বয়সী নির্মলা মাদান। এ ঘটনায় পুলিশ ‘বাদল সিং’ নামে এক ব্যক্তিকে খুঁজছিল।
এর প্রায় দুই মাস পর, ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের বাদল ফরাজী। পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যেই তাঁর ভারত সফর ছিল। কিন্তু সীমান্তে বিএসএফ তাঁকে আটক করে হত্যা মামলার পলাতক আসামি বাদল সিং হিসেবে শনাক্ত করে।
পরিবারের দাবি, সে সময় বাদল অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় নিজের পরিচয় ও অবস্থান যথাযথভাবে বোঝাতে পারেননি। পরবর্তী সময়ে তাঁর পাসপোর্ট, ভিসা, স্কুলের কাগজপত্রসহ বিভিন্ন প্রমাণ উপস্থাপন করা হলেও তিনি মুক্তি পাননি।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। পরে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
দীর্ঘ সময় ভারতের তিহার কারাগারে কাটানোর পর ২০১৮ সালের ৬ জুলাই বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দী রয়েছেন তিনি।
স্থায়ী মুক্তির অপেক্ষায় স্বজনেরা
কারাগারে থেকেও পড়াশোনা চালিয়ে গেছেন বাদল। তিহার কারাগারে বন্দী অবস্থায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন। তবে এত বছর পেরিয়ে গেলেও তাঁর স্থায়ী মুক্তির বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।
২০২৪ সালে দিল্লি সরকারের সাজা পর্যালোচনা বোর্ডে তাঁর অকালমুক্তির আবেদন তোলা হলেও তা প্রত্যাখ্যান করা হয়।
বাদল ফরাজীর ঘটনাটি নতুন করে আলোচনায় আসে লেখক রাহিতুল ইসলামের লেখা ‘বাদলের কারাবাস’ উপন্যাস প্রকাশের পর। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বইটিতে তাঁর গ্রেপ্তার, বিচার, কারাজীবন এবং মুক্তির জন্য পরিবারের দীর্ঘ প্রচেষ্টার চিত্র তুলে ধরা হয়েছে।
লেখক রাহিতুল ইসলামের মতে, চার সপ্তাহের প্যারোল বাদলের দীর্ঘ দুর্ভোগের স্থায়ী সমাধান হতে পারে না। এ জন্য বাংলাদেশ ও ভারত সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এদিকে কারাবন্দী অবস্থায় বাদল তাঁর বাবাকেও হারিয়েছেন। দীর্ঘদিন ধরে তাঁর অপেক্ষায় থাকা পরিবারের সদস্যরা এবার অন্তত স্বজনের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ পাওয়ার আশায় রয়েছেন। তবে তাঁদের মূল প্রত্যাশা, সাময়িক প্যারোলের পর যেন বাদলকে আবার কারাগারে ফিরতে না হয় এবং তিনি স্থায়ীভাবে মুক্তি পান।



