বাংলাদেশ

শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাবো: হাসনাত

বাংলা টিভি ডেস্ক: শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে স্বাগত জানানো হবে, তবে শেষ পর্যন্ত তাকে ফাঁসির মঞ্চে পৌঁছে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার দাবি, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বর্তমানে যেসব আলোচনা ও তৎপরতা চলছে, সেগুলো মূলত রাজনৈতিক নাটক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির মোটরসাইকেল র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাদের কোনো আপত্তি নেই। বরং তারা চান তিনি দেশে ফিরে আসুন। তবে দেশে ফিরলে তাকে আইনি বিচারের মুখোমুখি হতে হবে। এ সময় তিনি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিমান পাঠানো, গাড়ির ব্যবস্থা কিংবা সীমান্তে খোঁজখবর নেওয়ার বিষয়গুলোকে লোকদেখানো তৎপরতা বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দীর্ঘদিন ধরে দেশে না পালানোর কথা বললেও শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে গেছেন। এখন তার দেশে ফেরার বিষয়ে যেসব আলোচনা হচ্ছে, সেগুলো আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী সমর্থকদের সক্রিয় রাখার কৌশল হতে পারে।

সীমান্ত দিয়ে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, সীমান্তের বিভিন্ন পথ ও ফাঁকফোকর খোঁজার বিষয়টি অনেকটা মাদক কারবারিদের যাতায়াতের পথ অনুসন্ধানের মতো। তার মতে, এসব আলোচনা বাস্তব কোনো উদ্যোগের চেয়ে বেশি প্রচারনির্ভর।

ঋতুভিত্তিক নয়, দীর্ঘমেয়াদি রাজনৈতিক ঐক্যের আহ্বান

রাজনৈতিক ঐক্যের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, কেবল ডিসেম্বরকেন্দ্রিক কিংবা শীত, গ্রীষ্ম ও শরৎকালকে ঘিরে সাময়িক ঐক্য গড়ে তুললে তা দীর্ঘস্থায়ী হবে না। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও স্থায়ী ঐক্য।

তিনি বলেন, গণরায় ও গণভোটের ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে শক্তিশালী করতে হবে। এসব ভিত্তির ওপর দাঁড়িয়েই টেকসই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব।

আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা নেই বলে মন্তব্য

আওয়ামী লীগ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের মধ্য দিয়েই দলটির রাজনৈতিক পরাজয় চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে যে রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে, সেটিও ওই সময়েই স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তার দাবি, বর্তমানে দলটির বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের জনবিচ্ছিন্ন রাজনৈতিক অবস্থান আরও প্রকাশ পাচ্ছে। ফলে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা তৈরি হওয়ার পরিবর্তে তাদের অতীত কর্মকাণ্ডই নতুন করে আলোচনায় আসছে।

ভারতের আধিপত্যবাদ নিয়ে এনসিপির উদ্বেগ

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতের সাধারণ মানুষের সঙ্গে বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ।

তবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নিপীড়নের মনোভাবের অভিযোগ তুলে তিনি বলেন, এই আধিপত্যবাদী অবস্থানের বিরুদ্ধেই ৫ আগস্টের আন্দোলন সংঘটিত হয়েছে। তার দাবি, বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে ভারতের ভূমিকা রয়েছে।

এ সময় তিনি জানান, এ বিষয়ে সরকারের কাছে তাদের অবস্থান ও পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে গণভোটে জনগণের দেওয়া রায় কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সরকারের সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রত্যাশা করছে এনসিপি।

সংশ্লিষ্ট খবর

Back to top button