সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ বাহিনীর যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া দেখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপ সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সাঁজোয়া যান নিজেই চালিয়ে তিন বাহিনীর বিশেষ কমান্ডো ইউনিটের চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় সাঁজোয়া যানের পাশে প্রধানমন্ত্রীর আসনে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি দ্বীপে অবতরণ করে।
স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর সমাপনী পর্যায়ের অনুশীলন সরেজমিনে দেখেন প্রধানমন্ত্রী। সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে এই প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়েছে।
মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখেন সরকারপ্রধান। এ সময় প্রশিক্ষণস্থলে উপস্থিত তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কেও অবগত হন তিনি।
যৌথ এই সামরিক অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করছে।
সামরিক প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র স্বর্ণদ্বীপ
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয় মানুষের কাছে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক দশকেরও বেশি সময় ধরে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হয়েছে।
তবে এবারের আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একই মহড়ায় একসঙ্গে অংশ নিচ্ছে।
মহড়ার কার্যক্রম পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।



