বাংলাদেশ

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

বাংলা টিভি ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করা শিক্ষার্থীদের উৎসাহ দিতে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন করে শিক্ষার্থী এ সুবিধা পাবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে প্রথম পর্যায়ে ল্যাপটপ দেওয়া হবে। পাশাপাশি ১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর নম্বর সমান হলে তাদের জন্য আরও ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ করা হয়েছে। সব মিলিয়ে এ কর্মসূচির আওতায় দেড় হাজার শিক্ষার্থী ল্যাপটপ পাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ উদ্যোগ বাস্তবায়নের কাজ করছে। সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার অংশ হিসেবেই মেধাবী শিক্ষার্থীদের এই প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীনে ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ নামের একটি স্কিম থেকে কর্মসূচিটি পরিচালিত হবে। সরকারি ক্রয়বিধি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পরিকল্পনায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়টি বিবেচনায় ছিল। তবে পর্যায়ক্রমে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীকে এ সুবিধা দেওয়া হবে। এ জন্য সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৬ থেকে ১৭ কোটি টাকা। ভবিষ্যতে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে ল্যাপটপ বিতরণের পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, প্রাথমিকভাবে ১১টি শিক্ষা বোর্ড থেকে মেধার ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এ কর্মসূচির আওতা বাড়ানো হবে।

তিনি জানান, মেধাতালিকার নির্দিষ্ট অবস্থানে একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিষয়টি বিবেচনায় রাখতেই অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের জন্যও একই ধরনের পুরস্কার চালুর পরিকল্পনা রয়েছে।

‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম বাসসকে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তিনি জানান, প্রতিটি শিক্ষা বোর্ড তাদের নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের মান ও কনফিগারেশন নিশ্চিত করার বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডকে সম্পৃক্ত করে আনুষ্ঠানিকভাবে এসব ল্যাপটপ হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

যেভাবে নির্ধারণ করা হচ্ছে মেধাতালিকা

ল্যাপটপ পাওয়ার ক্ষেত্রে শুধু জিপিএ-৫ অর্জন করলেই হবে না, বরং পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের অবস্থান নির্ধারণ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত কাঠামো অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে বিভাগভিত্তিক একটি অনুপাত রাখা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৫০ শতাংশ, মানবিক বিভাগের ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২০ শতাংশ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডের পাশাপাশি অন্য আটটি বোর্ডেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছুটা আলাদা প্রক্রিয়ায় মেধাতালিকা প্রস্তুত করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে প্রতিটি বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০০ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে সব বোর্ডের তালিকা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ জানান, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা তৈরি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। দুই ধারার পরীক্ষার্থীর সংখ্যার পার্থক্য বিবেচনায় নিয়ে আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ বলেন, দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। বিজ্ঞান, মানবিক ও মুজাব্বিদ বিভাগের শিক্ষার্থীদের অনুপাত বিবেচনায় নিয়ে এ তালিকা চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং ভালো ফলাফলে উৎসাহিত করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষার পর্যায়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা যেন নিজেদের দক্ষতা আরও উন্নত করতে পারে, সেটিও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button