শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: প্রতিমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা দেখছেন না গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, ইতিহাসে পালিয়ে যাওয়া কোনো প্রধানমন্ত্রীর পুনরায় ক্ষমতায় ফিরে আসার নজির নেই। একই সঙ্গে অচিরেই গোপালগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আহম্মদ সোহেল মনজুর বলেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তবে পরিস্থিতির মধ্যেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি। তার মতে, এ ঘটনায় বাহিনীর সদস্যরা যথেষ্ট সংযম ও সহনশীলতার পরিচয় দিয়েছেন।
গোপালগঞ্জের চলমান সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এসব তৎপরতা বন্ধে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে পুরো প্রক্রিয়া পরিচালিত হবে আইনের আওতায়। কোনো ধরনের অন্যায় পন্থা অবলম্বন করা হবে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের সহনশীলতাকে কেউ যেন দুর্বলতা হিসেবে বিবেচনা না করেন। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকদের ভূমিকা নিয়েও কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, যেসব বিষয় সংবাদমাধ্যমে বেশি গুরুত্ব পাওয়ার কথা, সেগুলো অনেক সময় যথাযথ গুরুত্ব পাচ্ছে না। বিপরীতে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয় বেশি প্রচার করা হচ্ছে।
এদিকে ভোলার উন্নয়ন সম্ভাবনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জেলায় একের পর এক গ্যাসকূপের সন্ধান পাওয়া দেশের জন্য ইতিবাচক খবর। এতে ভোলার পাশাপাশি পুরো দেশ উপকৃত হবে।
তিনি জানান, ভোলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে সেতু নির্মাণ ও সড়ক অবকাঠামো উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। ভোলার সেতু নির্মাণের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।



