বাংলাদেশ

মেলান্দহে ওয়াজ মাহফিল থেকে শিশু অপহরণ, ইমাম গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ওয়াজ মাহফিল থেকে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করে আটকে রাখা এবং তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে আবু রায়হান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবু রায়হান জামালপুর সদর উপজেলার পাথালিয়া এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলার চর হেলেঞ্চাবাড়ী এলাকার একটি মসজিদে ইমামতি করতেন। গত সোমবার ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। নিখোঁজের ১৫ দিন পর গত ২১ নভেম্বর শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. নুরনবী ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাতে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একটি ইসলামি ওয়াজ মাহফিলে অংশ নেয় নুরনবীর ১০ বছর বয়সী ছেলে। মাহফিল শেষে অন্য শিশুরা বাড়ি ফিরে গেলেও সে আর বাড়িতে ফেরেনি।

পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। পরদিন ৮ নভেম্বর শিশুটির বাবা মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, লাইট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে আবু রায়হান শিশুটিকে কৌশলে ওয়াজ মাহফিলের স্থান থেকে বাইরে নিয়ে যান। পরে তাকে সরিষাবাড়ীর চর হেলেঞ্চাবাড়ী এলাকার একটি মসজিদে আটকে রাখা হয়।

অভিযোগ অনুযায়ী, শিশুটিকে জিম্মি করে তার বাবার কাছে প্রথমে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আবু রায়হান। পরে দর-কষাকষির মাধ্যমে ৪৫ হাজার টাকায় বিষয়টি চূড়ান্ত হয়। গত ১৯ নভেম্বর শিশুটির বাবা বিকাশের মাধ্যমে দুই দফায় ২৫ হাজার ও ২০ হাজার টাকা পাঠান। তবে টাকা পাওয়ার পরও শিশুটিকে মুক্তি না দিয়ে তার ওপর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে গত ২১ নভেম্বর ভোর ৪টার দিকে শিশুটিকে জামালপুর রেলওয়ে স্টেশনে রেখে তার বাবাকে মুঠোফোনে বিষয়টি জানান অভিযুক্ত। খবর পেয়ে শিশুটির বাবা স্টেশন থেকে তাকে বাড়িতে নিয়ে যান।

শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৩ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে তার বাবা ও স্বজনেরা স্থানীয়দের সহযোগিতায় সরিষাবাড়ীর চর হেলেঞ্চাবাড়ী এলাকা থেকে আবু রায়হানকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি এটিএম মাহমুদুল হক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু রায়হান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে চলতি বছর ঢাকার বাড্ডা থানায়ও একটি অপহরণ মামলা রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button