বাংলাদেশ

স্কুলে পিটি চলাকালীন একসাথে ২০ শিশু হঠাৎ অসুস্থ ও হাসপাতালে ভর্তি— জ্বিন আতঙ্ক!

মাদারীপুর প্রতিনিধি (ডিজিটাল): মাদারীপুরের শিবচরের চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত শারীরিক কসরত (পিটি) করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২০ শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে শিক্ষার্থীরা মাঠে পিটি করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায়। শিক্ষকের বাঁশির সংকেতে শারীরিক কসরত শুরু হওয়ার ৩ থেকে ৪ মিনিটের মধ্যেই একে একে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। তাদের মধ্যে কয়েকজন জ্ঞান হারায়, আবার কেউ অসুস্থ হয়ে কাতরাতে থাকে।

হঠাৎ এতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুজ্জামান নাসিম জানান, শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষার্থীরা বর্তমানে শঙ্কামুক্ত। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এদিকে ঘটনার প্রকৃত কারণ জানতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষকে আরও সতর্ক ও দায়িত্বশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

তবে একই সময়ে ২০ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button